কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার (৯ নভেম্বর) সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
‘আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখিব বারোমাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফারুক ফকির ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। পাইলট প্রকল্পের আওতায় উপজেলার ৫০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. মীর হোসেন।
এতে বক্তব্য দেন দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমাতুজ জুহুরা, ফারুক ফকির ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাংবাদিক গোলাম সারোয়ার এবং প্রধান শিক্ষক শাহলী বেগম, আবুল হোসেন ও বাসির উদ্দিন কাজী।
এ সময় উপজেলার বিভিন্ন এনজিওতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলার ১৭৯টি বিদ্যালয়ে বাস্তবায়ন হবে কর্মসূচি
আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় কাপাসিয়া উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আদব-কায়দা, বিদ্যালয় ও নিজ বাড়ির পরিবেশ পরিষ্কার রাখার নিয়মাবলি শেখানো হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে ফারুক ফকির ফাউন্ডেশনের প্রতিনিধিরা প্রতিটি বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪৫ দিনের মধ্যে সুফল পাওয়ার আশা
আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী ৪৫ দিনের মধ্যে এ কর্মসূচির ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি বিদ্যালয় ও বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বাড়বে।
তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কাপাসিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























