জামালপুরে তামাক চাষ পরিহারে কর্মশালা
- আপডেট সময় : ০৪:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জামালপুরে তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তামাকের পরিবর্তে ভুট্টা, সরিষা ও শাকসবজি চাষের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের বক্তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার তুলসীরচর ফ্লাড সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসনীন আখতার।
এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. দিলরুবা আক্তারসহ অন্যরা।
তামাকের পরিবর্তে বিকল্প ফসল চাষের আহ্বান
কর্মশালায় বক্তারা বলেন, তামাক চাষ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই কৃষকদের তামাক চাষ থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে ভুট্টা, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষে মনোযোগী হতে হবে।
তাঁরা আরও বলেন, কৃষকদের জন্য লাভজনক বিকল্প ফসলের চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে তাঁদের আয় বাড়বে, অন্যদিকে দেশের খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ আরও সুগম হবে।
বক্তারা কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। একই সঙ্গে তামাক চাষ পরিহার করে পরিবেশবান্ধব ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তাঁদের প্রত্যাশা, বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়লে স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি একটি সমৃদ্ধ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি ফসলের বীজ বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।




















