কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতিতে জড়িত থাকলে ঢাকায় রাখা হবে না
- আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত বিভিন্ন জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ও পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
লটারির মাধ্যমে শুরু হলো বদলি
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরিবর্তনের কাজ কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। সেই কাজ আজ শুরু হয়েছে।
তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। সাধারণভাবে ধারণা রয়েছে, ঢাকায় যাদের পোস্টিং দেওয়া হয়, তারা গুরুত্বপূর্ণ পদে থাকেন। সেই ‘প্রাইস পোস্টিং’-এর মধ্যেই এবার প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে।
আইনমন্ত্রী জানান, সারা দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১টি সাব-রেজিস্ট্রার পদ রয়েছে। ঢাকার পোস্টগুলোও এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জন সাব-রেজিস্ট্রারের পোস্টিং নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের পদায়ন করা হবে।
দক্ষতার ভিত্তিতে দেওয়া হবে দায়িত্ব
লটারির মাধ্যমে যাদের নাম উঠবে, তাদের মধ্যে দক্ষ ব্যক্তিদের ঢাকায় দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, লটারি প্রক্রিয়া চলমান থাকবে। ধীরে ধীরে বিভিন্ন জায়গার সমস্যা সমাধানের পথ বের করা হবে।
তিনি আরও বলেন, লটারির পর সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে পোস্টিং দেওয়া হবে।
আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না।
২৪ ঘণ্টা মনিটরিং করা হবে
দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত জায়গাগুলোতে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙার লক্ষ্যেও লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। পুরো কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। আবার অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
দুর্নীতি রোধে মানসিকতার পরিবর্তন জরুরি
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নিলেই হবে না, সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। দুর্নীতি রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রারদের সংগঠনের পক্ষ থেকে কিছু সাংবাদিকের বিরুদ্ধে মাসোহারা চাওয়ার অভিযোগের বিষয়ও উঠে আসে। সংগঠনটির অভিযোগ, মাসোহারা না দিলে কোনো কোনো সাংবাদিক প্রতিবেদন প্রকাশের কথা বলেন। তবে এসব অভিযোগের ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বিপরীতে ১৩৯টি পদ শূন্য রয়েছে।




















