৬ দিনেই ১৯৩ কোটি আয় নানির ‘দ্য প্যারাডাইস’র
- আপডেট সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির ছয় দিনেই বিশ্বব্যাপী ১৯৩ কোটি টাকার বেশি আয় করেছে। পিরিয়ড অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর বিশ্বের প্রায় ২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য প্যারাডাইস’। চলতি বছর মুক্তি পাওয়া তেলেগু সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় এটি তৃতীয় অবস্থানে রয়েছে। এই তালিকায় ‘পেদ্দি’ ও ‘দ্য রাজা সাব’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে।
ভারতে ১০০ কোটি ছাড়িয়েছে আয়
বলি মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি ৩৫ কোটি রুপি (নিট) আয় করে। দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় করে ১৫ কোটি রুপি করে। চতুর্থ দিনে ১৬ কোটি, পঞ্চম দিনে ৫ কোটি এবং ষষ্ঠ দিনে আরও ৫ কোটি রুপি আয় করেছে।
ছয় দিনে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১০২ কোটি রুপি। একই হিসাবে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১৫৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯৭ কোটি ৫২ লাখ টাকা।
অন্যদিকে, স্যাকনিল্কের হিসাবে ছয় দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১০১ কোটি ৫০ লাখ রুপি। দেশটিতে গ্রস আয় ১২০ কোটি রুপি। ভারতের বাইরে থেকে এসেছে আরও ৩০ কোটি ৫০ লাখ রুপি।
ফলে স্যাকনিল্কের হিসাবে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৯৩ কোটি টাকার বেশি।
মিশ্র প্রতিক্রিয়া
বক্স অফিসে ভালো আয় করলেও ‘দ্য প্যারাডাইস’ নিয়ে দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের প্রতিক্রিয়া একরকম নয়। বিভিন্ন চলচ্চিত্র সমালোচকের পর্যালোচনায় সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
ইন্ডিয়া টিভির অনিন্দিতা মুখার্জি, সিনেমা এক্সপ্রেসের সুরেশ কাবিরায়ানি, ইন্ডিয়ান এক্সপ্রেসের যশস্বিনী শ্রী, ইন্ডিয়া টুডের জননী কে এবং সিয়াসাত ডটকমের রাস্তি আমেনা—প্রত্যেকেই সিনেমাটিকে আড়াই রেটিং দিয়েছেন।
কারা অভিনয় করেছেন
‘দ্য প্যারাডাইস’ পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। প্রায় ২০৪ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়েল ও ঈশ্বরী রাও।
এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।


























