প্যারিসের র্যাম্পে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা
- আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে এবার একেবারেই ভিন্ন অবতারে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গাঢ় মখমলের গাউন, ক্রিস্টালে মোড়া ঝলমলে কেপ এবং বারগান্ডি-লাল চুল—সব মিলিয়ে তাকে দেখা গেছে রাজকীয় সাজে। তার এই নতুন লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রাজকীয় পোশাকে ঐশ্বরিয়া
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়েল প্যারিসের ‘লে ডেফিলে’ ফ্যাশন শো। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে আয়োজিত এই অনুষ্ঠানে র্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া।
এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের ফল/উইন্টার ২০২৬-২৭ কুতুর কালেকশনের একটি বিশেষ পোশাক বেছে নেন তিনি। গাঢ় রঙের মখমলের দুই অংশের গাউনটিতে ছিল নানা ধরনের কারুকাজ ও ত্রিমাত্রিক ঝালরের কাজ।
তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে গাউনের ওপর থাকা দীর্ঘ কেপ। অসংখ্য ক্রিস্টালে সাজানো কেপটি র্যাম্পের আলোয় ঝলমল করছিল। মখমলের গাঢ় রঙের সঙ্গে কেপের ঝলমলে ক্রিস্টালের মেলবন্ধন ঐশ্বরিয়ার সাজে যোগ করে রাজকীয় আবহ।
বারগান্ডি চুলে নতুন লুক
পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়ার চুলের রংও ছিল আলোচনার কেন্দ্রে। চেনা কালো চুলের বদলে এবার তাকে দেখা গেছে বারগান্ডি-লাল আভায়। গাঢ় রঙের গাউনের সঙ্গে চুলের উজ্জ্বল রং তৈরি করেছে আলাদা বৈপরীত্য।
মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামারের ছোঁয়া। পোশাক, ক্রিস্টালে মোড়া কেপ এবং নতুন চুলের রং—এই তিনটি বিষয়কেই রাখা হয়েছিল তার পুরো লুকের মূল আকর্ষণ হিসেবে। ঐশ্বরিয়ার এই লুকের স্টাইলিং করেছেন মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহ।
আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে
লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ আয়োজনে ঐশ্বরিয়ার সঙ্গে র্যাম্পে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। তাদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে এবং মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। শোয়ের প্রস্তুতির সময় ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও উষ্ণ আলিঙ্গনে ধরা দেন ঐশ্বরিয়া।
এবারের আয়োজনের মূল ভাবনা ছিল ‘ওয়াক ইওর ওর্থ’। আত্মবিশ্বাস, বৈচিত্র্য এবং নারীদের পারস্পরিক সংহতির বার্তা তুলে ধরা হয় এই আয়োজনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা
প্যারিসের র্যাম্প থেকে ঐশ্বরিয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের প্রশংসা শুরু হয়। তার বারগান্ডি চুল, রাজকীয় কুতুর পোশাক এবং আত্মবিশ্বাসী উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
অনুরাগীদের কেউ তাকে ‘রানির মতো’ বলে প্রশংসা করেছেন। আবার কেউ মন্তব্য করেছেন, ‘একবার রানি, চিরকাল রানি।’ সব মিলিয়ে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এবারের উপস্থিতি আবারও ফ্যাশনপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে।



























