সংবাদমাধ্যমের সঙ্গে বিরোধের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু
- আপডেট সময় : ০১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে দেশটির কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধের মধ্যেই ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) চালু হওয়া এই প্ল্যাটফর্মে ট্রাম্পের বিভিন্ন বক্তব্য, পুরোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রশাসনের ঘোষণা এবং সরকারি কর্মকাণ্ডের ভিডিও এক জায়গায় দেখানো হবে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টা সম্প্রচার করবে ট্রাম্প টিভি
হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ‘ট্রাম্প টিভি’ চালুর ঘোষণা দিয়ে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সম্প্রচার করবে। এতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রশাসনের সর্বশেষ কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন পুরোনো ভিডিওও দেখানো হবে।
চালুর সময় ট্রাম্পের বিভিন্ন সময়ে জনসম্মুখে দেওয়া বক্তব্য ও অনুষ্ঠানের ভিডিও প্রচার করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার দৃশ্যও ছিল।
সংবাদমাধ্যমের সঙ্গে বিরোধের মধ্যে উদ্যোগ
হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে বিরোধ যখন আরও তীব্র হচ্ছে, তখনই এই প্ল্যাটফর্ম চালু হলো। এর আগে সোমবার সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেন ট্রাম্প।
তবে ওই তিন সংবাদমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের বক্তব্য, কোনো সংবাদমাধ্যম কীভাবে খবর প্রকাশ করছে, তার ভিত্তিতে সরকার সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ নির্ধারণ করতে পারে না।
‘ভুয়া খবর’ নিয়ে ট্রাম্পের মন্তব্য
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের পর গ্রেসি ম্যানশনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় সংবাদমাধ্যমগুলো তাকে বয়কট করার কথা বললেও তা বাস্তবে হবে না বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলোর ন্যায্যভাবে খবর প্রকাশের দায়িত্ব রয়েছে। কোনো সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করলে তাদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ সীমিত করার দায়িত্ব প্রশাসনের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন পুলেও। এই ব্যবস্থায় প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে অংশগ্রহণকারী সংবাদমাধ্যমগুলোর মধ্যে সরবরাহ করা হয়।
বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ট্রাম্প। সেখানে তিনি অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেবেন এবং কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।























