স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল
- আপডেট সময় : ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতিও শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি সেপ্টেম্বরেই তফসিল ঘোষণা হতে পারে।
দেশের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা ও ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ নির্বাচন উপযোগী রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে বা নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসি জানিয়েছে, ভোটার তালিকা, ভোটকেন্দ্র নির্ধারণ, আচরণবিধি এবং নির্বাচনী মালামাল সংগ্রহসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হয়েছে। মামলা ও সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা থাকা ইউনিয়নগুলোতে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন সার্বিকভাবে প্রস্তুত। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথমার্ধ পর্যন্ত বার্ষিক পরীক্ষার সময়সূচি রয়েছে। তাই পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নির্বাচন আগে বা পরে আয়োজন করা হতে পারে।
তিনি জানান, চলতি মাসের প্রথমার্ধে কোন ধাপে এবং কখন নির্বাচন হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা করেছে ইসি। কমিশনের মতে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া যাবে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কমিশন আগের অবস্থানেই রয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা বিপুলসংখ্যায় নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের নিরপেক্ষ রাখা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সহজ হবে।
স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ
ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।























