দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ
- আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের অধিকার ও স্বার্থে আন্দোলন করছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মানুষের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব
হামিদুর রহমান আযাদ বলেন, যে দলই সরকারে থাকুক, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার এসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির জন্য ভূমিকা রাখছে জামায়াত। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এবং রাজপথে একই দাবি ও উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে।
জনগণের দাবিতে আন্দোলন
জামায়াতের এই নেতা বলেন, তাদের দাবি ও বক্তব্য জনগণের দাবি ও বক্তব্য। তাই এটি কোনো দলীয় ইস্যু নয়। দেশের মানুষের স্বার্থেই তাদের আন্দোলন চলছে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ, আদেশ ও গণভোট হয়েছে, সরকার তা উপেক্ষা করেছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।
শনিবার শুরু লং মার্চ
লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির প্রথম ধাপ শনিবার শুরু হবে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে।
তিনি জানান, কর্মসূচি সফল করতে মাসব্যাপী প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ জন্য বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
























