কনসার্ট-বাউল গানে নিরাপত্তা দিতে আইনি নোটিশ
- আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, সিনেমা প্রদর্শনী, নৌকাবাইচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হামলা ঠেকাতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ কিংবা আপত্তির কারণে আইনসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ না করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দাবি
আইনি নোটিশে বলা হয়েছে, সংবিধানে নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদ বিশেষভাবে প্রাসঙ্গিক।
নোটিশে আরও বলা হয়, শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নাটক, বাউল গান, লোকসংগীত, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব, পহেলা বৈশাখ এবং নৌকাবাইচ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বাধা, আপত্তি এবং নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিলের ঘটনা ঘটেছে।
কনসার্ট ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ
নোটিশে বলা হয়েছে, গত মাসে কিশোরগঞ্জে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর একটি কনসার্ট প্রশাসনিকভাবে বাতিল করা হয়। একই সময়ে সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আয়োজিত নৌকাবাইচ বন্ধের দাবিও ওঠে।
এ ছাড়া অনুপম রায়ের ঢাকার কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনাও নোটিশে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনা সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রশাসনিক সিদ্ধান্ত, নিরাপত্তা এবং নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলে উল্লেখ করা হয়।
হুমকি-হামলা বন্ধের দাবি
আইনি নোটিশে বলা হয়েছে, নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় এবং আইনসম্মত নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের কারণে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বেআইনিভাবে বন্ধ করা উচিত নয়।
বাউল গান, লোকসংগীত, পালাগান, যাত্রা, লোকনৃত্য ও নাটক বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ। এসব আয়োজনের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের হুমকি, হামলা, অপমান বা হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হুমকি বা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে আইনসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
১৫ দিনের সময়
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, বর্তমানে কনসার্ট, সংগীত অনুষ্ঠান, বাউল গান, নাটক ও সিনেমা প্রদর্শনীতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনা প্রতিরোধের পাশাপাশি আয়োজক, শিল্পী, দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি নোটিশ পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করলে তিনি হাইকোর্টে রিট করবেন।























