সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের সবচেয়ে গর্বের পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার কেড়ে নিয়ে নিষ্ঠুর শাসন চালানো হয়েছিল। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, এখন দেশের অর্থনীতি, সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে।
দেশকে অস্থিতিশীল করতে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার সমান এবং সবাইকে জাতীয় পরিচয়ের জায়গা থেকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়ার কথা জানানো হয়।

























