লেস্টার ছেড়ে শেফিল্ডের পথে হামজা
- আপডেট সময় : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে চলেছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ট্রান্সফার ডেডলাইনের আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
‘কার্যত ফ্রি’ ট্রান্সফারে সমঝোতা
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের সাংবাদিক অ্যান্থনি জোসেফ তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হামজার শেফিল্ডে যাওয়ার খবর জানিয়েছেন। তবে লেস্টার সিটি কিংবা শেফিল্ড ইউনাইটেডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম শেফিল্ড স্টারের তথ্য অনুযায়ী, হামজাকে ‘কার্যত ফ্রি’ ট্রান্সফারে ছাড়ার বিষয়ে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতের ট্রান্সফার ডেডলাইনের আগেই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চায় শেফিল্ড ইউনাইটেড।
বোল্টনের বিপক্ষে অভিষেক হতে পারে
সবকিছু পরিকল্পনামতো এগোলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে দেখা যেতে পারে হামজাকে।
শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে ক্লাবটিতে খেলেছিলেন তিনি। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠা হয়নি শেফিল্ডের।
লেস্টারে হামজার দীর্ঘ পথচলা
মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা। দুটি লোনে বার্টন অ্যালবিয়নে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেন তিনি।
লেস্টারের হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেন তিনি। এরপর ২০২৪ সালে লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বাদ পান।
মৌসুমের শুরুতেই লেস্টারে ছিলেন হামজা
চলতি মৌসুমে লেস্টার কোচ রাসেল মার্টিনের অধীনে প্রথম তিন ম্যাচে খেলেছিলেন হামজা। তবে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে গত সপ্তাহের ম্যাচে স্কোয়াডে ছিলেন না তিনি।
এর মধ্যে ডার্বি কাউন্টির সঙ্গেও তার নাম জড়িয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য পরিচিত শেফিল্ড ইউনাইটেডেই ফিরতে চলেছেন হামজা।























