নারী এশিয়া কাপ : বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া
- আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
এবার বাংলাদেশের মূল লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, কয়েকবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার সেই বাধা পেরিয়ে ফাইনাল খেলতে চান তারা।
ব্যাটিং নিয়েও আশাবাদী অধিনায়ক। বিশেষ করে টপ অর্ডার ভালো করতে পারলে ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন জ্যোতি। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি।
গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলেই সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে এখন পর্যন্ত একবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে টাইগ্রেসরা। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালের আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ।
এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্রীলঙ্কা ও বাংলাদেশের শিরোপা একটি করে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।





















