সরকারের বিরুদ্ধে পরিকল্পিত গুমের অভিযোগ আসেনি: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে বাগেরহাটের মোংলায় পোস্টগার্ড-সংক্রান্ত একটি অভিযোগ এসেছে বলে জানান তিনি। বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত গুমের কোনো অভিযোগ আসেনি। এ সময়ে মোংলায় পোস্টগার্ড-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। সেটিরও স্বাধীন তদন্ত চলছে।
মিরাজ শেখের ঘটনাও তদন্ত হচ্ছে
আইনমন্ত্রী বলেন, মিরাজ শেখের ঘটনায় সরকার শুধু তদন্ত করেই দায়িত্ব শেষ করেনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলার ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছিল।
পরে তারা গ্রেফতার হয়ে কারাগারে গেলে আইনগত সহায়তার ব্যবস্থা করা হয়। নিজেদের আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকায় তাদের আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গুমের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার
আইনমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে তারও সম্পৃক্ততা রয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই বিএনপি পরিবারের সদস্য বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য হিসেবে গুমের শিকার ব্যক্তিদের কেউ তার ভাই, কেউ স্বজন, কেউ সন্তানতুল্য। আবার কেউ তার সতীর্থ ও সহযোদ্ধা।
তাদের কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করা সম্ভব, তা করার চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেন আইনমন্ত্রী।























