প্রতিটি গুমের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি সরকার ‘গুম’ নিয়ে এমন একটি আইন করতে চায়, যাতে গুমের শিকার প্রতিটি ব্যক্তি বিচার পান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ফ্যাসিজম থেকে দেশের মানুষ বাংলাদেশকে মুক্ত করেছেন। গুমের ঘটনায় ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করতে সরকার একটি আইন করেছে। অপরাধীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিরা যাতে সরাসরি আদালতে যেতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেন, ‘গুম কমিশনে’ এসব বিষয় ছিল না। সরকার চেয়েছে, গুমের শিকার ব্যক্তিরা যেন সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারেন। এ ধরনের আইন সংসদে উপস্থাপন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গুমের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি তদন্ত কে করবে এবং কীভাবে তদন্ত হবে, সেটিও আইনে নির্ধারণ করা হয়েছে।
গুমের শিকার কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে তার উত্তরাধিকারীরা যাতে সম্পদ পান, সেই বিধানও রাখা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অপরাধীরা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলেও রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুম প্রতিকার আইন ২০২৬’-এ কিছু ত্রুটি থাকতে পারে। তবে প্রয়োজন হলে তা সংশোধন করা সম্ভব। এই আইনটি করা প্রয়োজন ছিল।
নিজের গুমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজেও গুমের শিকার। আমি কি চাইব না যে গুম নিয়ে একটি শক্তিশালী আইন হোক? এখানে কি আর কোনো স্বার্থ থাকতে পারে?’
তিনি আরও বলেন, সরকারে থাকা স্থায়ী নয়। ভবিষ্যতে তারা ক্ষমতায় নাও থাকতে পারেন। তবে আইনটি থাকবে। ফলে গুমের শিকার যে-ই হন, তিনি বিচার পাওয়ার সুযোগ পাবেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, গত দুই বছর গুমের শিকার ব্যক্তিদের অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। তাদের নিয়ে অপসংস্কৃতি চর্চাও হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে তিনি এবং হুম্মাম কাদের বেঁচে আছেন। তারা কেউই জানতেন না শেষ পর্যন্ত বেঁচে থাকবেন কি না। গুমের শিকার ব্যক্তিদের বেঁচে থাকা নিয়ে হাস্যরস করা হলে তা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করতে পারে।
























