হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল
- আপডেট সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তবে তার দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের ঘোষিত কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন মাদরাসা শিক্ষার্থীরা। কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ থেকে ঘোষণা দেওয়া হয়, হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করা হবে।
কর্মসূচি বহাল রাখার ঘোষণা
আজ শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে।
এদিকে ওই অনুষ্ঠানস্থলে শনিবার বিকেল ৩টায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করার পরও কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, তাদের কর্মসূচি এখনো বহাল রয়েছে। এ বিষয়ে তারা পরামর্শ করছেন। তবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা অবস্থান করবেন।
অনুমতি নিয়ে জেলা প্রশাসনের বক্তব্য
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছিল। রাজনৈতিক সমাবেশের কথা জানানো হয়নি।
তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া যায় না। তাই এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়।
মাদরাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহারের জন্যও প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।

























