দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত
- আপডেট সময় : ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে। আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়কে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় যুব দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আর্যবীর ও অনভয়। আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজকোটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর দুটি চারদিনের ম্যাচের প্রথমটি ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর রাজকোটে এবং দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন লক্ষ্য রায়চন্দনি, সহ-অধিনায়ক যশবর্ধন চৌহান। চারদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন যশবর্ধন, তার সহকারী থাকবেন রায়চন্দনি।
এর আগে জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে ব্যাট হাতে নজর কেড়েছিলেন অনভয় দ্রাবিড়। সেই ম্যাচে তিনি ৮৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে, রায়চন্দনি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে করেছেন ৩০৭ রান। এর মধ্যে গলেতে ২০৭ এবং কলম্বোয় অপরাজিত ১০০ রানের ইনিংস রয়েছে। উত্তরাখণ্ডের হয়ে প্রথম শ্রেণির চার ম্যাচে তার সংগ্রহ ২২৩ রান।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড: লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ ও চিবুক।
চারদিনের স্কোয়াড: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং ও প্রণব।






















