ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত
- আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের কাউছার আহমেদ রাতুল (১৭) ও তার বন্ধু মো. রাজু (২০)। রাজুর বাড়ি ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা ইন্টারচেঞ্জের গোলচত্বর দিয়ে যাচ্ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও পথেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সোহেল মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলচত্বর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে রাতুলের বাবা-মা তাকে নতুন একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। নতুন মোটরসাইকেল নিয়ে বের হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ১৭ বছর বয়সী রাতুলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























