পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতি তদন্ত করে বিচার হবে: মীর হেলাল
- আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৬০১ বার পড়া হয়েছে
পার্বত্য জেলা পরিষদগুলোর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রশিক্ষণের সনদ ও সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন বা আগের সরকারের আমলে গঠিত জেলা পরিষদগুলোর অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে বিভাগীয় তদন্ত করা হবে। পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাঙামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার ও জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এছাড়া খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহাপুরম খালের ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।





















