সামনে বড় চ্যালেঞ্জ
টেস্ট দলে কি কোণঠাসা মাহমুদুল হাসান জয়?
- আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যর্থতার পর অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েন মাহমুদুল হাসান জয়। তার জায়গায় সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম ডারউইনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন।
তানজিদের এই সাফল্যে প্রশ্ন উঠেছে, টেস্ট দলে কি নিজের জায়গা হারানোর পথে জয়? সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবই তার বড় সমস্যা। পাকিস্তান সিরিজের প্রথম তিন ইনিংসে করেন ৮, ৫ ও ০ রান। জিম্বাবুয়ের বিপক্ষে করেন ২ ও ২২।
২০২১ সালে টেস্ট অভিষেকের পর ২৩ ম্যাচে ৪৩ ইনিংসে জয়ের রান ১১২৯, গড় ২৬.২৬। রয়েছে দুটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি। তবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কঠিন কন্ডিশনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার নজিরও রয়েছে তার।
টেস্ট দলে ফেরার সুযোগ ধরে রাখতে জয়কে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠিয়েছে বিসিবি। ২৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। পারফরম্যান্সের মাধ্যমে ফের জাতীয় দলে জায়গা করে নেওয়াই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।


























