গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ শুরু হয়।
চালকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যান।
অটোরিকশাচালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করে সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করার দাবি জানান তারা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তারের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
























