রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা
- আপডেট সময় : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যান তারা।
১১ দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য নেতারা।
এর আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জোটের পক্ষ থেকে এই মনোনয়নপত্র জমা দেওয়া হলো।























