ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে এমন কোনো সংকট নেই, যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে গেছেন। এখন এর ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য সরকারের নজরে আসেনি। সরকার এসব গুজবকে গুরুত্ব দিচ্ছে না।
যুবকদের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত হতে হবে। যুবকদের আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।






















