ইরানের হুমকিতে তুরস্ক থেকে ফেরার পথে বিমান বদলেছিলেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইরানের হুমকির আশঙ্কায় তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা স্বীকার করেন তিনি।
গত ৮ জুলাই ন্যাটো সম্মেলন শেষে আঙ্কারা বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার পর কিছুক্ষণ পরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমানটি ছেড়ে দেন ট্রাম্প। পরে একটি ক্যাটারিং ট্রাকে করে বিমানবন্দরের অন্য প্রান্তে গিয়ে ছোট একটি সামরিক উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যে বিমানে দেশে ফেরেন সেটি ছিল মার্কিন বিমান বাহিনীর সি-৩২এ উড়োজাহাজ। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তার নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি বিমান পরিবর্তন করেন।
ট্রাম্প বলেন, “আমার নিরাপত্তা কর্মীরা যা বলেছে, আমি তা অনুসরণ করেছি। তারা চেয়েছিল আমি অন্য একটি বিমানে যাই, তাই আমি সেটিই করেছি।”
ইরান থেকে কী ধরনের হুমকি এসেছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি বিস্তারিত জানতে চাননি। তার দাবি, বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা নিয়মিত হুমকির মুখে থাকেন।
তিনি আরও বলেন, “আমি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি না। আমার মনোভাব হলো—যা হওয়ার হবে।”



























