রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সরাসরি সম্প্রচার করবে ইসি
- আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা হবে। মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও জানান, ভোটগ্রহণ, ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্যও সম্প্রচার করা যাবে।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় তারা হতাশ।
ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
























