সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই মামলায় দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তাপ্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য এবং নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে তৎকালীন আসাদ সরকারের দমন-পীড়নের সময় সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
আতেফ নাজিব ছিলেন বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সহযোগী ও তার চাচাতো ভাই। ২০১১ সালে দেরায় সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগে বিচার চলছিল।
অন্যদিকে, বাশার আল-আসাদ ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। ফলে তার বিরুদ্ধে বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে। চলতি বছরের মে মাসে দামেস্কের আদালত তাকে ও তার ভাই মাহের আল-আসাদসহ কয়েকজন সাবেক কর্মকর্তাকে অনুপস্থিত আসামি হিসেবে ঘোষণা করে তাদের সম্পদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নেওয়ার নির্দেশ দিয়েছিল।
সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের পর সাবেক আসাদ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান বিচারকে দেশটির অন্তর্বর্তী সরকারের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


























