মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।”
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, “মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।” তিনি এবারের এসএসসি ও সমমানের ফলাফলকে সুন্দর ফলাফল বলেও উল্লেখ করেন।
এক সাংবাদিকের “এবারের ফলাফল খারাপ হয়েছে কি না”—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।”
এদিকে, পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, অনেক সময় শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না। আগে বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। বর্তমানে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
এর আগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।























