বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ‘মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী দলটির সদস্যদের অভিনন্দন জানিয়ে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩–২৯ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘এমআইএসটি ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়। উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধান এবং দলগত সমন্বয়ের স্বীকৃতি হিসেবে অর্জিত এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এমআইএসটির শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্যোগে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























