জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৮:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানী সেনাবাহিনীর বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। একই সঙ্গে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। অপরদিকে ইরানের ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও এক সেনা আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় ওই সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ১৮ জুলাই ওই সেনা নিহত হন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি। সবশেষ এ সেনার মৃত্যুর ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ মার্কিন সেনা নিহত হয়েছেন।
ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির পরমাণু শক্তি সংস্থাও দারখোভিনে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে, তারা রাতভর হামলার ঘটনাটি তদন্ত করছে। কেন্দ্রটি নির্মাণের একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সর্বশেষ হামলার জবাবে ইরান কুয়েতের আল-আদিরি ক্যাম্প এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো একটি পানি পরিশোধন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর ফলে স্থাপনাটিতে আগুন লেগেছে। এটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা।
























