মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত
- আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এদিকে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা, নগরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি প্রয়োজন ছাড়া জলাবদ্ধতা এলাকায় চলাচল না করার আহ্বানও জানানো হয়েছে। অপরদিকে, জলাবদ্ধ সড়কে যানবাহনের অভাবে মারাত্মক ভোগান্তিতে পড়েছে কর্মজীবি ও খেটে খাওয়া মানুষ।

























