ভারতীয় টুরিস্ট ভিসা আবেদন শুরু ২৮ জুন
- আপডেট সময় : ০৫:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাও প্রকাশ করা হয়েছে।
ভিসা আবেদনের জন্য ন্যূনতম ৮ মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডে ২×২ ইঞ্চি রঙিন ছবি এবং ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে।
এছাড়া পেশাভেদে চাকরিজীবীদের এনওসি, ব্যবসায়ীদের আপডেট ট্রেড লাইসেন্স, কৃষকদের জমির পর্চা এবং শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড জমা দিতে হবে।
আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে কমপক্ষে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, অথবা ন্যূনতম ১৫০ মার্কিন ডলার সমমূল্যের ডলার এন্ডোর্সমেন্ট/এমটিই কিংবা এসবিআই ট্রাভেল কার্ড গ্রহণযোগ্য হবে।
পূর্ববর্তী ভারতীয় ভিসার কপি, হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডি, নোটারি ও লস্ট সার্কুলেশন এবং পাসপোর্টের তথ্য সংশোধন করা থাকলে কোর্টের এফিডেভিটও জমা দিতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

























