চীনে খোলা হচ্ছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চীনা ব্যবসায়ীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে দ্রুতই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।সরকারপ্রধান আরও বলেন,বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তাঁর সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।এসময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বানও জানান তারেক রহমান।
বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ উপস্থাপনা দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বাংলাদেশী পণ্যে আগ্রহ সৃষ্টি এবং সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তাঁর সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, চীনের ব্যবসার জন্য বাংলাদেশ উন্মুক্ত। চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বানও জানান তারেক রহমান।























