আজ মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন তিনি। কুয়ালালামপুর সফর শেষ করে সেখান থেকেই তিনি সরাসরি চলে যাবেন চীনে। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম কোনো বৈদেশিক সফর।
প্রধানমন্ত্রীর এই দ্বৈত সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফর শুরুর আগের দিন গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়া পর্ব চুকিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে বেইজিং পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র জানিয়েছে, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল।
টাকা-পয়সা ও অবকাঠামোগত সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাক্ষা–বহু প্রতীক্ষিত ‘তিস্তা প্রকল্প’ নিয়েও এবার চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশেষ আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব। সফরের সূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরদিন, অর্থাৎ ২৬ জুন তিনি সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে।


























