যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত
- আপডেট সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত মধ্যরাতের পর থেকে এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৭ জন। খবর আল জাজিরার। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের ‘অব্যাহত যুদ্ধবাজ নীতি’ গুরুতর ও তাৎক্ষণিক পরিণতি ডেকে আনতে পারে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশে ইসরাইলের হামলাকে ‘একটি বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে নিন্দা জানিয়েছেন। কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গেলো ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে যা ওয়াশিংটন-তেহরান চুক্তি হুমকির মুখে ফেলেছে।
লেবাননে সংঘাত তীব্র হওয়ায় সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে, যা হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া নিশ্চিত করার অত্যাবশ্যকীয় এই আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।


























