জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা পূরণ করবে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজ কুমিল্লার বরুড়ায় এক পথসভায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে জড়ো হন হাজারো মানুষ। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থলে পৌঁছালে মুহুর্মুহু করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকরা।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে দেশ— এবং দেশটা সবার’। এসময় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবি তুললে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সবাই একমত হলে তা বাস্তবায়ন করা হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হবে। স্বৈরাচার সরকার দেশের টাকা পাচার করায় দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি। চাঁদপুর সফরের অংশ হিসেবেই বরুড়ায় এই সংক্ষিপ্ত পথসভা করেন তিনি।
























