‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধ করতে চায় বিসিসিআই
- আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও প্রেমিকাদের সফর নিয়ে বিতর্ক নতুন নয়। এবার আইপিএলে সামনে এলো নতুন একটি বিষয়—গার্লফ্রেন্ড কালচার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারকে তাদের প্রেমিকাদের নিয়ে দলীয় বাসে যাতায়াত ও টিম হোটেলে অবস্থান করতে দেখা গেছে।
এই সংস্কৃতি বন্ধে পদক্ষেপ নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল ও ঈশান কিশানদের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রেমিকাদের প্রায়ই দেখা যায়। কেউ কেউ খেলোয়াড়দের টিম বাসে হোটেলেও যান।
এসব ব্যাপারে বিসিআইয়ের ওই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি।
পরবর্তী বোর্ড সভায় এটি তোলা হবে। খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সদস্যদের হোটেলে থাকার বিষয়ে কোনো সমস্যা নেই। তবে প্রেমিকাদের ব্যাপারে আমাদের আরেকটু সিরিয়াস হতে হবে।’
ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের সঙ্গে পরিবারের থাকা নিয়ে বিতর্ক দেখা দিলে বিসিসিআই একটি নীতিমালা তৈরি করে।
এতে বলা হয়, বিদেশ সফর ৪৫ দিনের বেশি হলে পরিবারের সদস্যরা সর্বোচ্চ দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবেন।
তবে আইপিএলে এ ধরনের কোনো নিয়ম নেই। এ ব্যাপারে আইপিএলে নতুন নিয়মের আভাস দেন বোর্ডের সেই কর্মকর্তা, ‘আগে আইপিএলে খেলোয়াড়দের হোটেলে প্রেমিকাদের থাকার অনুমতি ছিল না। কিন্তু এখন এটি একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।’
শুধু পরিচিত ও কম পরিচিত তারকা খেলোয়াড় প্রেমিকাদের সঙ্গে নিয়ে দলের সঙ্গে ভ্রমণ করছেন।
কেউ সরাসরি টিম হোটেলে থাকছেন, আবার কেউ ম্যাচের শহরে অবস্থান করে সুযোগমতো দেখা করছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউ কেউ আগে জুয়ার ওয়েবসাইটের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।
আন্তর্জাতিক সফরে দল ব্যবস্থাপনা করে বিসিসিআই। কিন্তু আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে চলে। এ কারণে নিয়ন্ত্রণ কম। কিছু ক্ষেত্রে এমন অভিযোগও উঠেছে যে, টিম বাস খেলোয়াড়দের প্রেমিকাদের জন্য অপেক্ষা করে।
সময়মতো কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এটি বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে—এমন শঙ্কায় ক্রিকেটারদের প্রেমিকাদের বিষয়ে জাতীয় দল ও আইপিএল মিলিয়ে অভিন্ন নীতিমালা তৈরি হতে পারে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা।


























