মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান
- আপডেট সময় : ০৭:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেব-৪। অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় রেব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করত। হাসপাতালের গেটে বা আশপাশে অবস্থান নিয়ে তারা রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। পরে ভুল তথ্য দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না নেয়ার জন্য প্রলুব্ধ করত। এরপর কৌশলে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

























