অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ : তথ্য মন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ছিল প্রধান চ্যালেঞ্জ, কিন্তু বর্তমানে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যের অধিকার এখন কেবল তথ্যপ্রবাহের স্বাধীনতায় সীমাবদ্ধ নয়; বরং সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তাও এর অংশ। সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী সবাইকে সতর্ক করে বলেন, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার কার্যকর ও জনবান্ধব নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশ এখনো পুরোপুরি এনালগ থেকে ডিজিটাল প্যারাডাইমে রূপান্তর হতে পারেনি। এজন্য সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি অংশীদারদের অন্তর্ভুক্ত করে সময়োপযোগী নীতি গ্রহণ করা হলে ডিজিটাল সেবার বিস্তার আরও ত্বরান্বিত হবে বলে জানান তিনি।




















