গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে : ১১ দলীয় জোট
- আপডেট সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা এমন দাবি করে বলেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে আওয়ামী সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে।
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দল- বিএনপি’র অবস্থানের প্রতিবাদে শনিবার দুপুরের পর থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হতে থাকেন ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা। আসরের পর অনুষ্ঠিত সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৭২-এর মুজিববাদী সংবিধান থেকে হাসিনাবাদ হলেও একে আর কোনোভাবেই ‘তারেকবাদী’ সংবিধানে রূপান্তর করতে দেয়া হবে না।
একইসঙ্গে বিএনপিকে ওয়াদা ভঙ্গকারী ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে তারা বলেন, দেশের সংবিধান বারবার কাটাছেঁড়া করে ব্যক্তিবাদ কায়েম করা হয়েছে। এখন জনগণের রায়কে অপমান করলে রাজপথ ছাড়বে না ১১ দল।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের কারণেই বিএনপি’র এই সরকার গঠন। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে সরকার টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হয়।



















