বর্তমান সরকার হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে : ড. হামিদুর রহমান
- আপডেট সময় : ১০:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মূল সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সামান্য সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার ঢাকার গুলশানে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে ১১ দলীয় জোট। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ নিয়ে বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর প্রায় দুই ঘণ্টা আলোচনা হলেও স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর গুলশানে বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ।
বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার সংবিধান সংস্কারের মূল বিষয়গুলো এড়িয়ে শুধুমাত্র সংশোধনীর মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায়। অন্যদিকে সরকারপক্ষ বলছে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সব সিদ্ধান্ত নেয়া হবে।
সংসদের ভেতরে আলোচনা আর বাইরে আন্দোলনের ডাক দুই ধারা রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।



















