পর্যাপ্ত মজুদে শঙ্কা কাটলো জ্বালানি সংকটের
- আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে জ্বালানি তেল বোঝাই জাহাজ। এছাড়া মার্চ ও এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির ঋণপত্র খোলার কাজও শেষ হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। ফলে সহসা জ্বালানি সংকটের আশঙ্কা নেই।
কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। এছাড়া বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজ। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে এলএনজি ও ডিজেল নিয়ে আরো দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে। এ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ১৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে প্রায় অর্ধেক জাহাজ জ্বালানী খালাস শেষ করে চলে গেছে এবং বাকি জাহাজগুলোর জ্বালানি খালাস কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। পাইপলাইনে থাকা জাহাজগুলো নির্ধারিত সময়ে পৌঁছালে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করছেন বন্দরের কর্মকর্তারা।
জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে জ্বালানী সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প চিন্তার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতি মাসে গড়ে ১৫টি চালানে পরিশোধিত তেল আসে দেশে।























