আগামীকাল কক্সবাজার যাচ্ছেন জামায়াতের আমির
- আপডেট সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাধারণ জনগণের সাথে মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়াতে নির্বাচনী প্রচারণার কর্মসূচি হিসেবে আগামীকাল কক্সবাজার আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বেলা ১১টায় কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
নির্বাচনি প্রচারের কর্মসূচি নিয়ে সাগরকন্যা কক্সবাজারে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকালে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন জামায়াতের আমির। এরপর সেখানে জনসভা শেষ করে কক্সবাজার শহরে যাবেন তিনি।
এদিকে, কক্সবাজারে জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। শহরের বাহারছড়া গোলচত্বরের মুক্তিযোদ্ধা মাঠে জনসভাকে কেন্দ্র করে তৈরী করা হচ্ছে মঞ্চ। মাঠের চারপাশে লাগানো হচ্ছে মাইক। স্থানীয় নেতাকর্মীরা পরিদর্শন করছেন জনসভাকেন্দ্র। শহরজুড়ে টাঙ্গানো হয়েছে বিভিন্ন ব্যানার ফেস্টুন।
জামায়াত নেতারা বলছেন, প্রতিটি জনসভাই জনসমুদ্রে পরিণত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমির কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এই জনসভায়।
কক্সবাজারের জনসভা শেষ করে চট্টগ্রামের পথে রওনা দিবেন জামায়াতের আমির। এরপর লোহাগাড়া, সীতাকুণ্ড ও চট্টগ্রাম শহরে জনসভায় যোগ দিবেন তিনি।











