সংগীত পরিচালক ও কালজয়ী গানের সুরকার আলম খান মারা গেছেন
- আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সংগীত পরিচালক ও কালজয়ী গানের সুরকার আলম খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সকাল সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আলম খানের ছেলে আরমান খান জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড়মাস রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আলম খান। গতরাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিকেলে প্রথম জানাজা চ্যানেল আই প্রাংগনে এবং বাদ আসর এফডিসি প্রাংগনে দ্বিতীয় জানাজা হয়। সিলেটের শ্রীমংগল জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক আলম খান “ওরে নীল দরিয়া…, হায়রে মানুষ রঙিন ফানুষ…, চুমকি চলেছ একা পথে…, চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা” …এমন অসংখ্য কালজয়ী গানের সুরকার ছিলেন।
এদিকে, জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদও মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ অভিনেত্রীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শর্মিলী আহমেদের মরদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রাখা হয়েছে। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

















