সেবা থেকে জনগণকে বঞ্চিত না করতে সরকারের নবীন কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সেবা থেকে জনগণ যাতে বঞ্চিত না হয় তার জন্য নবীন সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবেন নবীন কর্মকর্তারা। তাই তাদের সকল উন্নয়নকাজে সমন্বয় করতে হবে। সরকার প্রধান আরো বলেন, ৭৫’র পরবর্তী সরকারগুলো জনগণের উন্নয়ন না করে ভোগ দখলে ব্যস্ত ছিল। আইন প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।
রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে রোববার আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী পক্ষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। তাই তারা যেন কোন সেবা থেকে বঞ্চিত না হয়।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ছিটমহল বিনিময় ও সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছে। ৭৫’র পরবর্তী কোন সরকার এ উদ্যোগ নেয়নি।
দেশ উন্নয়নশীল মর্যাদা পেলে হবে না, উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সে লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।
এছাড়া, দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না বলে জানান শেখ হাসিনা। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।























