সিলেটের ৩১টি ছড়া ও খাল এখন অস্তিত্ব সংকটে
- আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সিলেট নগরীর প্রাণ হিসেবে পরিচিত ৩১টি ছড়া ও খাল এখন অস্তিত্ব সংকটে। প্রভাবশালী দখলদার আর পলিথিনের স্তূপে সংকুচিত হয়ে পড়েছে পানির স্বাভাবিক প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই রূপ নিচ্ছে ভয়াবহ বন্যা। বর্ষার আগেই পানির প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম নেয়ার কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী।
সিলেটের বুক চিরে একসময় বয়ে চলতো ৩১টি প্রাকৃতিক ছড়া ও খাল। পাহাড় থেকে নেমে আসা পানি সুরমা নদীতে যাওয়ার প্রধান মাধ্যমগুলোর বর্তমান চিত্র, ভিন্ন। মালনি ছড়া থেকে গোয়ালি ছড়া- সবখানেই দখলের মহোৎসব। কোথাও খালের ওপর বহুতল ভবন, আবার সীমানা প্রাচীর দিয়ে রোধ করা হয়েছে পানির পথ।
নগরবাসীর অভিযোগ, মাঝেমধ্যে সিটি কর্পোরেশন উচ্ছেদ চালালেও স্থায়ী সমাধান মিলছে না। বর্জ্য ব্যবস্থাপনা আর সচেতনার অভাবে খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়। এর চরম মূল্য দিচ্ছে বর্ষা মৌসুমে।
এদিকে, ছড়া ও খালের সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সিসিক। বর্ষার আগেই পানির প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম নেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা।
ছড়াগুলো কেবল পানি নিষ্কাশনের পথ নয়, এই অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষার ঢাল। প্রশাসনের তদারকি আর জনসচেতনতা না ফিরলে, বর্ষায় আবারও জলমগ্ন হওয়ার আশঙ্কায় দিন কাটবে সিলেটবাসীর


















