সিনহা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু
- আপডেট সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ জনের বিচার শুরু হয়েছে। আগামী ২৬,২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণ করা হবে। দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। একই সঙ্গে প্রদীপসহ ৬ জনের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন বিচারক মোহাম্মদ ইসমাঈল।
রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। রাষ্ট্র পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানী করেন। আসামী পক্ষ বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত ও কনস্টেবল সাগর দেবসহ ৬ জন জামিন আবেদন করেন। আদালত দু’পক্ষের শুনানী শেষে প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে প্রদীপসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করেন। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান।






















