সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৮৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মধ্যরাতে জেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কাশেম আলী গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
গাবুরা ইউপি’র চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ৩০ বিঘা আয়তনের মাছের ঘের নিয়ে কাশেম আলী ও লোকমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রাতে, আবুল কাশেম তার স্ত্রীকে নিয়ে মাছের ঘেরে অবস্থান করছিলেন। এ সময় লোকমান বাহিনীর সদস্য শরিফুলসহ ৭-৮ জন অতর্কিতে হামলা চালিয়ে আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের সংক্রান্ত বিরোধ ঘিরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।























