র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুইচ অফ-অনের মতো নয় : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
রেবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দীর্ঘ প্রক্রিয়া পার হতে হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এটি সুইচ অফ-অনের মতো বিষয় নয়। সেই সাথে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানেরও তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-মার্কিন বন্ধুত্বের ৫০ বছর উদযাপনে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে এ কে আব্দুল মোমেন ও অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে আলোচনাকালে এসব বক্তব্য উঠে আসে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ঠিক আছে বলেও দাবি করেন ড. আব্দুল মোমেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে ঘণ্টাখানেক চলে এ বৈঠক। দুই মন্ত্রীর বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ব্লিংকেন। বলেন, ভবিষ্যতেও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব ফোরামে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন। আলোচনায় রেবে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ছিল বাংলাদেশের। তবে এর জবাবে ব্লিংকেন জানান, এর প্রক্রিয়া বেশ জটিল। এজন্য বাংলাদেশকে বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শও দিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধু’র খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলে বিষয়টি দেখার আশ্বাস দেয় ওয়াশিংটন।
দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ। জবাবে নির্বাচন ব্যবস্থা সঠিক আছে বলে জানান ডক্টর মোমেন। বাংলাদেশে পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির অংশ নেয়া প্রয়োজন। তাদের নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্যও চাইলেন তিনি।























