প্রতারক শাহেদের সন্ধানে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাতভর নিস্ফল অভিযান
- আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ফেরারী সাহেদ মৌলভীবাজারের কোথাও আত্মগোপনে আছে– এমন খবরে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাতভর নিস্ফল অভিযান করেছে।
পলাতক সাহেদ ভারতে পালিয়ে যেতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জের কোথাও অবস্থান করছে এমন খবরে জেলা জুড়ে রেব-পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী সোমবার সন্ধ্যা থেকে তৎপরতা শুরু করে। বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশির পাশাপাশি শ্রীমঙ্গলের কয়েকটি রিসোর্ট ও চা বাগানের সম্ভ্যাব্য স্থানে রাতভর অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযানের সত্যতা স্বীকার করা হয়নি। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায়, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে সাহেদ শ্রীমঙ্গল বা কমলগঞ্জ অবস্থান নিতে পারে- এমন সন্দেহ থেকে রেব-পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।
এদিকে, রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ যেন দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো জানান ‘করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রয়েছে। যার কারণে এই পথ দিয়ে কোনও লোকজন যাতায়াত করতে পারবে না। এছাড়াও হিলি সীমান্তে নজরদারি রয়েছে, যার কারণে এই পথ দিয়ে অবৈধপথে কোনও মানুষ পারাপার হতে পারবে না।





















