রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল উন্নয়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চল উন্নয়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া, পরিকল্পিত নগর উন্নয়নে মেয়রদের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।
ঢাকাকে ঘিরে চলছে মহা কর্মযজ্ঞ। উন্নয়ন-অগ্রগতি, এগিয়ে চলছে দুর্বার গতিতে। জনগণের প্রাপ্তির খাতা কানায় কানায় পূর্ণ করতে কাজ করছেন বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের নানা উন্নয়ন প্রকল্প গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষকে নাগরিক সুবিধা দিতে কাজ করছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, সুবিধা ভোগ করার পাশাপাশি নাগরিক হিসেবে নগর উন্নয়নে দায়িত্ব নিতে হবে সবাইকে।
রাজধানীর খাল ও ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকার প্রধান।
এছাড়া, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















