মধ্যপ্রাচ্য সংঘাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪টি ফ্ল্যাইট বাতিল
- আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। সোমবার ১১টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেয়া হয়েছে। এরমধ্যে আছে, কাতার এয়ার ওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ও গালফ এয়ারের দুইটি ফ্লাইট।এদিকে সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।















